নিজস্ব প্রতিবেদক : কিলোমিটার প্রতি বাস ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে বাস মালিকরা এ প্রস্তাব সমর্থন করছেন না। তারা ভাড়া কমানোর পক্ষে থাকলেও বলছেন, কিলোমিটার প্রতি দুই পয়সা কমানোর। আন্তজেলা রুটে পরিবহন ভাড়া কমানোর বিষয়ে দু’পক্ষের এ প্রস্তাব পাঠানো হবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই নতুন বাস ভাড়া কার্যকর করা হবে।
সোমবার দুপুরে রাজধানীর এলেনবাড়ীতে বিআরটিএ ভবনে ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সভায় বাস মালিকরা জানান, শুধু জ্বালানি তেলের দাম কমার কারণে বাস ভাড়া কমালে তারা লোকসানের মুখে পড়বেন। কারণ ভাড়া কমানোর সঙ্গে যন্ত্রাংশের দাম, ভ্যাটসহ আরও ২২ বিষয় জড়িত। এরমধ্যে একটি মাত্র অর্থাৎ জ্বালানি তেলের দাম কমলো। বৈঠকে সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল, রমেশ চন্দ্র ঘোষ সহ বিআরটিসি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা উপন্থিত ছিলেন।

Be the first to comment on "প্রতি কিলোমিটারে ৩ পয়সা ভাড়া কমানোর প্রস্তাব"