নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মানতে হবে। নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়া নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। তবে ভবিষ্যতের ইতিহাস এই রায় পর্যালোচনা করবে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব।
খন্দকার মাহবুব বলেন, নিজামী এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, তা তাঁর নিজস্ব বিষয়। খন্দকার মাহবুব দাবি করেন, নিজামীর বিরুদ্ধে মামলায় যাঁদের সাক্ষী করা হয়েছে, তাঁরা বানানো সাক্ষ্য দিয়েছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ নিজামীর করা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন। এতে তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রয়েছে। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এই রায়ের মধ্য দিয়ে নিজামীর বিরুদ্ধে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো। একই বেঞ্চে গত মঙ্গলবার নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। পরে আপিল বিভাগ আদেশের জন্য ৫ মে তারিখ ধার্য করেন।
পুনর্বিবেচনার রায় কোনো মামলার বিচারিক প্রক্রিয়ার সবশেষ ধাপ। আজ বৃহস্পতিবার আপিল বিভাগ পুনর্বিবেচনার আবেদন খারিজ করায় সবশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকছে নিজামীর। তিনি প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে তাঁর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।
ইতিহাস রায় পর্যালোচনা করবে: খন্দকার মাহবুব

Be the first to comment on "ইতিহাস রায় পর্যালোচনা করবে: খন্দকার মাহবুব"