শিরোনাম

পাঠ্য পুস্তকে ভুল-ত্রুটির ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি

নিউজ ডেস্ক : এনসিটিবি প্রকাশিত প্রাথমিকের পাঠ্য বইয়ে ভুল-ত্রুটি সম্পর্কিত সার্বিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ঘটনা তদন্তে একটি সাব কমিটি গঠন করা হয়।

সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের সাব কমিটিতে আলী আজম ও মোহাম্মদ ইলিয়াছকে সদস্য রাখা হয়েছে।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে তিন সদস্যের আরো একটি সাব কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অপর দুই সদস্য হলেন- মো. নজরুল ইসলাম বাবু ও মো. আবুল কালাম। দুটি সাব কমিটিকেই তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সদস্য মো. আবুল কালাম সাংবাদিকদের জানান, বৈঠকে একাধিক সদস্য প্রাথমিকের পাঠ্য বইয়ে ভুল-ভ্রান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু মন্ত্রী উপস্থিত না থাকায় কোনো উত্তর পাওয়া যায়নি। এজন্য সাব-কমিটি গঠন করা হয়।

তিনি আরো জানান, পাঠ্য বইয়ের এ ধরনের ভুল মেনে নেওয়া যায় না। এতে সরকারের ক্ষতি হয়েছে। এতগুলো বই বিতরণের গৌরব কিছুটা হলেও ম্লান হয়েছে।

এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা।

এ ব্যাপারে সংসদ সচিবালয় জানায়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোর নানাবিধ সমস্যা নিয়েও আলোচনা হয়। কমিটি বিদ্যালয়ের শুন্য পদগুলো পূরণে দ্রুত নিয়োগ প্রদানের পদক্ষেপ গ্রহণ, প্রয়োজনীয়তার ভিত্তিতে বিদ্যালয়গুলোতে দুই শিফ্ট চালু এবং বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদারকরণসহ কেন্দ্রিয়ভাবে বিদ্যালয় পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল ও পুল শিক্ষকদের নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "পাঠ্য পুস্তকে ভুল-ত্রুটির ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি"

Leave a comment

Your email address will not be published.


*