নিউজ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে ১০০ টাকার জন্য জসিম উদ্দিন খান (৬০) নামের এক বৃদ্ধকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলা ইলিয়টগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম উপজেলার কুশিয়ারা গ্রামের আবদুল আজিজ খানের ছেলে। আটকৃতরা হলেন রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে ইসমাইল হোসেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলা কুশিয়ারা গ্রামের জসিম উদ্দিন খানের ছেলে ইয়ামিন (২৪) ও একই বাড়ির রফিকুলের ইসলামের ছেলে ইসমাইল ডেকোরেশনের কাজ করতে পাশের গ্রামে যান। ডেকোরোশনের কাজ শেষে ইসমাইল চলে আসেন আর ইয়ামিন অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত ওইখানে অবস্থান করেন। অনুষ্ঠানের আয়োজকরা তাকে খাওয়ার জন্য ২০০ টাকা দেন। পরে ইসমাইল জানতে পেরে তার কাছে ২০০ টাকার অর্ধেক ১০০ টাকা দাবি করলে এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইয়ামিন মারধর করেন ইসমাইলকে। খবর পেয়ে ইয়ামিনের বাবা জসিম উদ্দিন খান এগিয়ে আসলে তাকে রফিকুল ইসলাম এবং তার ছেলে ইসমাইল মিলে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে গৌরীপুর হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিম খানকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ইয়ামিন বলেন, “অনুষ্ঠানের আয়োজকরা আমার কাজের সন্তুষ্ট হয়ে আমাকে ২০০ টাকা দেন। আমি সেই টাকার ভাগ দেই না তার জন্য আমার বাবাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমাকেও জখম করেছে। ” দাউদকান্দি মডেল থানার ওসি আবু সালাম মিয়া বলেন, “সামান্য টাকা নিয়ে ঝগড়া করে এ দুর্ঘটনা ঘটিয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Be the first to comment on "১০০ টাকার জন্য বৃদ্ধ খুন, আটক ২"