নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া চার মাসের জন্য স্থগিত ও সিরীয় শরণার্থীদের প্রবেশ অনির্দিকালের জন্য বন্ধ করে দেওয়ায় ব্যথিত মালালা ইউসুফজাই। গত শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী আদেশে দুঃখ প্রকাশ করেন সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কারজয়ী এই তরুণী।
পাকিস্তানে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হওয়ার পরও বেঁচে যাওয়া মালালা বিবৃতিতে বলেন, ‘সহিংসতা আর যুদ্ধ থেকে পালানো শিশু, মা-বাবাদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দরজা বন্ধ করে দিচ্ছেন, এ খবরে আমার হৃদয় ভেঙে গেছে। বিশ্বজুড়ে অনিশ্চয়তা আর অস্থিরতার মধ্যে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অনুরোধ জানাচ্ছি, তিনি যেন বিশ্বের সবচেয়ে অরক্ষিত শিশু ও পরিবারগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে না নেন। ’
বর্তমানে ব্রিটেনে বসবাসরত ১৯ বছর বয়সী এই তরুণী বিবৃতিতে আরো বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। কারণ শরণার্থী ও অভিবাসীদের স্বাগত জানানোর যে গর্বের ইতিহাস আমেরিকার রয়েছে, সেটার প্রতি দেশটি পৃষ্ঠপ্রদর্শন করছে। অথচ এই শরণার্থী-অভিবাসীরাই আপনাদের দেশ পুনর্গঠনের সাহায্য করেছে। একটি নতুন জীবন শুরুর সুষ্ঠু সুযোগ পাওয়ার বিনিময়ে তারা কঠোর পরিশ্রম করতেও রাজি। ’ সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মালালা বলেন, ‘নিরপরাধ হওয়া সত্ত্বেও সিরীয় শরণার্থী শিশুরা ছয় বছর ধরে যুদ্ধের কারণে দুর্ভোগ পোহাচ্ছে। তাদের প্রতি এমন বৈষম্যে আমার হৃদয় ভেঙে গেছে। ’ বিভিন্ন দেশের যুদ্ধ আর দারিদ্র্যের কবল থেকে বাঁচতে যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে তারা কবে স্বজনদের সঙ্গে মিলিত হতে পারবে, তা অনিশ্চিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মালালা।
গত শুক্রবার ট্রাম্প অভিবাসনবিরোধী এ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। হোয়াইট হাউস সেটা প্রকাশের আগেই এর খসড়া সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। ট্রাম্প ওই আদেশে স্বাক্ষরের পরপরই মালালা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিলেন। সূত্র : এএফপি।

Be the first to comment on "‘শরণার্থী থেকে মুখ ফিরিয়ে নেবেন না’"