নিউজ ডেস্ক : লিভারপুলের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে নিজেদের মাঠে ৪-৩ গোলে হারে আর্সেনাল। ফিরতি পর্বের ম্যাচে প্রতিশোধের আশায় মাঠে নামলেও সে লক্ষ্য পূরণে ব্যর্থই হয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। রবার্তো ফিরমিনো ও সাদিও মানের নৈপুণ্যে ৩-১ গোলে আর্সেনালকে হারিয়েছে লিভারপুল।
শনিবার রাতে অ্যানফিল্ডে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ডান দিক থেকে সাদিও মানের রক্ষণচেরা পাস ছয় গজ বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়ান ব্রাজিলের মিডফিল্ডার ফিরমিনো।
আর ৪০তম মিনিটে ওই দুই জনের নৈপুণ্যেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে ফিরমিনোর পাস ধরে ডান পায়ের নিচু জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের ফরোয়ার্ড মানে।
দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে ড্যানি ওয়েলবেক ব্যবধান কমালে ম্যাচে ফেরে আর্সেনাল। পাল্টা আক্রমণে আলেক্সিস সানচেজের বাড়ানো বল ডি-বক্সে ধরে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
এরপর যোগ করা সময়ে জর্জিনিয়ো ভিনালডাম লিভারপুলের স্কোরলাইন ৩-১ করলে আর্সেনালের হার নিশ্চিত হয়ে যায়।
এই জয়ে ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

Be the first to comment on "লিভারপুলের কাছে ফের হারল আর্সেনাল"