নিউজ ডেস্ক : গতবছর প্রথমবার গিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে এসেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই এবার দশম আসরে তার দল সানরাইজার্স হায়দরাবাদ তাকে চোখ বন্ধ করে রেখে দিয়েছে। এমন সোনার হরিণ কেউ ছাড়ে নাকি? গত বছর পুরোটাই ইনজুরিতে কাটিয়েছেন দ্য ফিজ। চোট কাটিয়ে এখন আন্তর্জাতিক ম্যাচে ফিরেও আগের মত ভেলকি দেখাতে পারছেন না তিনি। তাই আইপিএলে যাওয়ার ব্যাপারে ভাবতে হচ্ছে এই তরুণকে। যদি আবারও ইনজুরিতে পড়েন তখন হয়তো ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়বে!
জাতীয় দলের হয়ে ব্যস্ত সূচির কারণে ৫ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলের প্রথমভাগ খেলতে পারবেন না তিনি। শেষ ভাগেও পারবেন কিনা তা অনিশ্চিত। অন্যদিকে এখনও তিনি বিসিবির অনাপত্তিপত্র পাননি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না কারণ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৬ তারিখ। এরপর দেশে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সেই টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি ক্যাম্প করবে ইংল্যান্ডের সাসেক্সে। মে মাসের শুরুর দিকেই তাই দেশ ছাড়তে হবে টাইগারদের।
সব মিলিয়ে মুস্তাফিজ দেখেছেন, তার এমনিতেই খেলা হবে না। তাই পুরো টুর্নামেন্টেই না খেলার কথা ভাবছেন কাটার মাস্টার। এর পেছনে অবশ্য আছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সুপরামর্শ। পেসাররা এমনিতেই বারবার চোটে আক্রান্ত হয়। অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যায়। কিন্তু মাশরাফির মত ফিরে আসে কম ক্রিকেটারই। তাই নিজের উদাহারণ দিয়েই হয়তো মুস্তাফিজকে উপদেশ দিয়েছেন ম্যাশ। ভারতীয় ক্রীড়া সাময়িকী স্পোর্টস্টারকে খোদ মুস্তাফিজ এসব তথ্য দিয়েছেন।
কাটার মাস্টার বলেছেন, “ইনজুরি থেকে ফেরার পর এখনও ছন্দ ফিরে পাইনি। মাশরাফি ভাই তাই পরামর্শ দিয়েছেন এবার আইপিএল বাদ দেওয়া উচিত আমার। তার পরামর্শ আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সামনে আমাদের লম্বা মৌসুম, আমার ফিট থাকা তাই গুরুত্বপূর্ণ। ”
জাতীয় দলের হয়ে খেলার গুরুত্ব এবং বাস্তবতা দুটোই হয়তো বুঝতে পারছেন দ্য ফিজ। তিনি আরও বলেছেন, “আমার মনে হয় না এবার আমি আইপিএল খেলতে পারব। এখনও বোর্ডের অনুমতির অপেক্ষায় আছি। আর খুব বেশি ম্যাচ এমনিতেও খেলতে পারব না। গেলেও মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফিরতে হবে। ”
এদিকে বোর্ডের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। শ্রীলঙ্কা সফর শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এছাড়া মুস্তাফিজকে অধিনায়ক মাশরাফি বলছেন দেশের হয়ে লম্বা মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করতে। তাই বড় অংকের অর্থের থেকে মুস্তাফিজের ভাবনায় নিজের ফিটনেস আর দেশকে সাফল্য উপহার দেওয়া।

Be the first to comment on "মাশরাফির পরামর্শে আইপিএল না খেলার চিন্তা মুস্তাফিজের"