শিরোনাম

সাঁড়াশি অভিযানে আরও ৪৮ জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি দমনে দেশজুড়ে চলা সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৪৮ জনকে কয়েকটি ‘জঙ্গি’ সংগঠনের সদস্য বলছে পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর‌্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জন ‘জঙ্গি’সহ মোট পাঁচ হাজার ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ তিন হাজার ১৯২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ সদর দপ্তর।

রবিবার পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট দুই হাজার ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ জন (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ জন এবং মাদক মামলার ৩৯১ জন) আসামি রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হওয়ার পর এই ‘সাঁড়াশি অভিযানের’ ঘোষণা আসে।

তবে অভিযান শুরুর পর শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করা হয়।

basic-bank

Be the first to comment on "সাঁড়াশি অভিযানে আরও ৪৮ জঙ্গি গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*