শিরোনাম

অ্যাটর্নি জেনারেলের স্বপদে থাকা নিয়ে রায় কাল

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্বপদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। আজ সোমবার এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য থাকলেও ভুলক্রমে কার্যতালিকায় না আসায় আদালত রায়ের জন্য পুনরায় দিন নির্ধারণ করেন।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১৬ জানুয়ারি শুনানি শেষে ২৩ জানুয়ারি এ বিষয়ে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। আদালতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত বছরের ১০ নভেম্বর অ্যাটর্নি জেনারেল পদে মাহবুবে আলম থাকার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। রিটে বলা হয়, সংবিধানের ৬৪(১)/৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়সের পরে এই পদে থাকার নিয়ম নেই। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মাহবুবে আলমের বয়স ৬৭ হয়ে যায়। নির্দিষ্ট বয়স শেষ হওয়ার পরও তিনি ওই পদে বহাল রয়েছেন।

রিট আবেদনে আরো বলা হয়, নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। কিন্তু আইন লঙ্ঘন করে প্রায় আট বছর টানা এই পদে বহাল আছেন মাহবুবে আলম। বয়স পেরিয়ে যাওয়ার পরও মাহবুবে আলম কোন কর্তৃত্ববলে অ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল রয়েছেন, তার নির্দেশনা জানতে চাওয়া হয়েছে রিটে।

রিটে বলা হয়, অ্যাটর্নি জেনারেল নিয়োগ বিষয়ে সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হবেন। সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, অন্য বিধানাবলী সাপেক্ষে কোনো বিচারক ৬৭ বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।

রিটে আরো বলা হয়, লিগ্যাল রিমেমব্রান্সার ম্যানুয়াল-১৯৬০ অনুযায়ী অ্যাটর্নিদের পদ দুই বছরের জন্য। কিন্তু দুই বছর আগেও তিন মাসের নোটিশ দিয়ে রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারেন। কিন্তু ওই আইন লঙ্ঘন করে প্রায় আট বছর অবিরামভাবে ওই পদে বহাল আছেন তিনি। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে গত ২১ মার্চ মাহবুবে আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়াছিলাম। কিন্তু এই লিগ্যাল নোটিশের কোনো জবাব না পাওয়ায় এই রিট দায়ের করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং বয়স নিয়ে পত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে রিটে।

basic-bank

Be the first to comment on "অ্যাটর্নি জেনারেলের স্বপদে থাকা নিয়ে রায় কাল"

Leave a comment

Your email address will not be published.


*