শিরোনাম

একনেকে ৭ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীতে ১৭ সরকারী স্কুল-কলেজ নির্মাণ প্রকল্পের সংশোধনীসহ সাত প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারী তহবিল থেকে ব্যয় হবে এক হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।  বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ।

প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চারটি নতুন ও তিনটি সংশোধিত প্রকল্প। নতুন প্রকল্পগুলোর মধ্যে জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ৮১ লাখ টাকা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের জন্য ১৫৬ কোটি ৮৪ লাখ টাকা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুন:নির্মাণ এবং বৃক্ষরোপন প্রকল্পের জন্য ১৯১ কোটি ২৪ লাখ টাকা এবং মহিলা কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৯৭ লাখ টাকা।

সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৫ লাখ টাকা, ঢাকা মহানগরীতে ১১টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের জন্য ২৯৩ কোটি ৫ লাখ টাকা এবং মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় ৫টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় ১৭ সরকারী স্কুল-কলেজ স্থাপন সংক্রান্ত প্রকল্পটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের একটি। শিক্ষায় উচ্চ অগ্রাধিকারের দৃষ্টিতে এটি বাস্তবায়ন করা হচ্ছে।  এর উদ্দেশ্য হচ্ছে, ক্রম বর্ধমান ঢাকা মহানগরীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তির সুযোগ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা।

 

basic-bank

Be the first to comment on "একনেকে ৭ উন্নয়ন প্রকল্পের অনুমোদন"

Leave a comment

Your email address will not be published.


*