নিউজ ডেস্ক : জার্মানির একজন টেলিভিশন কৌতুক অভিনেতার বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানকে অপমান করার যে অভিযোগ উঠেছিল সেটির তদন্ত শেষ করে দিয়েছে জার্মানির প্রসিকিউটররা।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর মেইনজ-এর প্রসিকিউটররা বলছেন সে কৌতুক অভিনেতার রিরুদ্ধে মি: এরদোয়ানকে অপমান করার যথেষ্ট তথ্য-প্রমাণ মেলেনি। সেজন্য তারা তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত মার্চ মাসে একটি টিভি অনুষ্ঠানে সে অভিনেতা একটি কৌতুকপূর্ণ কবিতা পড়েন যেখানে মি: এরদোয়ানের যৌন-সম্পর্কিত বিষয়ের প্রতি ইংগিত করা হয়।
এরপর মি: এরদোয়ান অভিযোগ তোলেন যে এ ধরনের কৌতুকের মাধ্যমে তিনি অপমান বোধ করেছেন।
জার্মানির প্রসিকিউটররা এক বিবৃতিতে বলেছেন সে কৌতুক অভিনেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার মতো সুনির্দিষ্ট তথ্য নেই।
প্রসিকিউটররা বলেন অভিনেতা যে প্রেক্ষাপটে এ কৌতুকটি করেছিলেন সেখানে অবজ্ঞা বা অপমান করার মতো কোন বিষয় ছিল কিনা সেটি প্রশ্নবিদ্ধ।
তুরস্কের প্রেসিডেন্টের মি: এরদোয়ানের অভিযোগের পর জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছিলেন।
জার্মানির আইন অনুযায়ী সে দেশে এ ধরনের কোন অপরাধ তদন্ত করতে হলে মন্ত্রী পরিষদের অনুমোদন প্রয়োজন হয়।
সূত্র : বিবিসি বাংলা

Be the first to comment on "এরদোয়ানকে ‘অপমান’ করার অভিযোগের তদন্ত বাদ"