নিউজ ডেস্ক : নভজিৎ সিং সিধুর স্ত্রী নভজিৎ কৌর বলিউড লাইফ ডটকমকে নিশ্চিত করেছেন যে, তার স্বামী ইতিমধ্যেই কপিল শার্মার শো ত্যাগ করেছেন। সেপ্টেম্বর পর্যন্ত তিনি শোটির জন্য শুটিং করেছেন। ফলে সেপ্টেম্বরের পরে কপিল শার্মার শোয়ে নভজিৎ সিং সিধুর সেই বিখ্যাত হাসি আর দেখা যাবে না।
আসন্ন পাঞ্জাব বিধানসভাকে সামনে রেখে সিধু এই সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক এমপি সিধু অবশেষে স্বশব্দেই রাজনীতিতে ফিরছেন। সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া সিধু আগামী ১ অক্টোবর পাঞ্জাবের অম্রিতসরে পৌঁছাবেন নিজ দলের প্রচারণা শুরু করার জন্য। তার দলের নাম আওয়াজ-ই-পাঞ্জাব।
সিধুর স্ত্রী নভজিৎ কৌর বলেন, “সিধু এখন থেকে শুধু পাঞ্জাবের রাজনীতি নিয়েই ব্যস্ত থাকবেন। আর এ কারণেই তিনি আগেভাগেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকল শোয়ের রেকর্ড সম্পন্ন করে ফেলেছেন। এবং সকল কাস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করিয়ে নিয়েছেন।”
আওয়াজ-ই-পাঞ্জাব এর সূত্রে জানা গেছে, পুর্ণোদ্যমে সিধু পাঞ্জাবের রাজনীতিতে ফিরে আসছেন। আর ওই দর্শকপ্রিয় কমেডি শোর সঙ্গে তার যে চুক্তিগত বাধ্যবাধকতা ছিল তাও এই সেপ্টেম্বরেই শেষ হয়ে যাবে।
কপিল শার্মার টিমটি ছিল একটি পরিবারের মতো। যারা একসঙ্গে অনেক দুর্যোগের মোকাবেলা করেছেন। আর এখনো উচ্চস্বরে হাসির সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছেন এবং দর্শকদেরকেও হাসাচ্ছেন। এই হাসির প্রধান খোরাক যোগাতেন সিধু নিজে। তার অনন্য রসবোধ এবং কবিত্ব ছিল শোটির প্রধান আকর্ষণ।
১৯৮৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এক বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার শেষে অবসরে যান সিধু। কিন্তু এরপরও তিনি একজন ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন।
তবে কপিল শার্মার কমেডি শোর মাধ্যমে তিনি ভারতের ঘরে ঘরে ব্যাপক পরিচিতি লাভ করেন ও বিখ্যাত হয়ে ওঠেন।
এবার রাজনীতির মাধ্যমেও তিনি তার জীবনের দ্বিতীয় ইনিংসেও হয়তো ক্রিকেট পিসের মতো আগুন ঝরাবেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কপিল শার্মার শো ত্যাগ করেছেন নভজিৎ সিং সিধু

Be the first to comment on "কপিল শার্মার শো ত্যাগ করেছেন নভজিৎ সিং সিধু"