নিউজ ডেস্ক : ঈদুল আযহায় ঘরে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ছুটির তৃতীয় দিনে কাওড়াকান্দি ঘাটে তীব্র যানজট ও অব্যবস্থাপনার কারণে ঘাটে নেমেই অসহনীয় ভোগান্তি আর চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। আজ শনিবার সকাল থেকে কাওড়াকান্দি ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার এলাকা জুড়ে যত্রতত্র আটকে আছে নৈশকোচ, পরিবহন, পণ্যবাহী ট্রাক, গরু বোঝাই ট্রাক, প্রাইভেট কার, লোকাল বাস, আন্তঃজেলা পরিবহন, ইজিবাইক, নসিমন-করিমনসহ ছোটছোট যানবাহন। ফলে, শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটে নেমে ২/৩ কিলোমিটার পথ পায়ে হেটে যাত্রীদের গন্তব্যের গাড়িতে উঠতে হচ্ছে। এতেও নিস্তার নেই, আবার পড়তে হচ্ছে যানজটের কবলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাট এলাকায় তেমন তৎপরতা নেই। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পরিবহনগুলো রাস্তার উপর রেখে যাত্রী তুলছে। সড়ক, মহাসড়ক ও সংযোগ সড়কের উপর এলোমেলোভাবে পরিবহন রাখায় যানজট প্রকট আকার ধারণ করেছে। কাওড়াকান্দি ঘাট থেকে পাঁচ্চর এ্যাপ্রোচ সড়কের সংযোগ সড়ক পর্যন্ত রাস্তাজুড়ে আটকে আছে অসংখ্য পরিবহন। তীব্র যানজটের কবলে পড়েছেন গরু ব্যবসায়ীরা। দুই দিন ধরে ঘাট এলাকায় আটকে রয়েছে প্রায় অর্ধশতাধিক গরুবোঝাই ট্রাক। যানজটের কবলে পরে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে মহাসড়কে এমন অভিযোগ গরু ব্যবসায়ীদের।। এদিকে পদ্মায় নাব্য সংকটে ফেরি চলাচল সীমিত হওয়ায় এ দূর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ বলেন, কাওড়াকান্দি-শিমুলীয়া নৌরুট হয়ে সকাল থেকেই দক্ষিনাঞ্চলের ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। যাত্রীদের নির্বিঘেœ ঘরে ফেরা নিশ্চিত করতে প্রশাসন ঘাটে অবস্থান করছে। কোন প্রকার যাত্রী হয়রানি হলে সাথে সাথে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনসারউদ্দিন বলেন, চাপ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ভাড়ার বিষয়টি সহনীয়ই রয়েছে। তবে অপর প্রান্ত থেকে শুন্য আসায় কিছুটা বেড়েছে।

Be the first to comment on "কাওড়াকান্দি ঘাটে ৪ কিমি যানজট ॥ চরম বিড়ম্বনা"