নিউজ ডেস্ক : ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মোসাদ্দেক হোসেন যখন ব্যাট হাতে মাঠে নামলেন তখন ১৬৭ রানে ৬ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে এমন এক বিপজ্জনক পরিস্থিতিতে মুশফিকের সঙ্গী হন এই তরুণ অলরাউন্ডার।
দল হারলেও শেষ পর্যন্ত লড়াই করার দুর্দান্ত এক ক্ষমতা দেখালেন মোসাদ্দেক। অপরাজিত রইলেন ৫০ রানে।
প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। কারণ অনুশীলনে বেশ ভালো করছিলেন তানভীর। কোচের কাছে তানভীরকেই গ্রহণযোগ্যতা পেয়েছিলেন বেশি। কিন্তু শেষ পর্যন্ত একাদশে ঠাঁই হলো মোসাদ্দেকেরই। বল হাতে ৭ ওভার বল করে ৪০ রান দিয়ে উইকেশুন্য থাকলেন। তবে ব্যাটিংয়ে আবারও তিনি দেখালেন তার কারিশমা। ৫০ রানের ইনিংসটি খেলতে পরিণত ব্যাটম্যানদের মত শট খেলে ৫টি চার এবং ৩টি ছক্কা হাঁকালেন তিনি। ক্যারিয়ারের ৬ষ্ঠ ম্যাচে পেয়ে গেলেন প্রথম হাফ সেঞ্চুরি। মুশফিকুর রহীমের সাথে তার ৫২ রানের জুটি আবারও জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশের। কিন্তু দূর্ভাগ্য মুশফিকের। চোটগ্রস্ত হয়ে মাঠ ছাড়তে হলো তাকে।
এর আগে তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ৪৫*। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে তিনি এই রান করেন। ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়া দ্বিতীয় ওয়ানডেতেও তিনি অপরাজিত ৩৮ রান করেছিলেন। লোয়ার মিডল অর্ডারে একজন ব্যাটসম্যানের কাছ থেকে যা চাওয়া হয়ে থাকে তার অনেকটাই পূরণ করেন ২১ বছর বয়সী এই তরুণ। তাতে দল হেরে গেলেও উজ্জল হয়ে থাকেন তিনি। চাপ নেওয়ার এই অসাধারণ ক্ষমতা তাকে আরও অনেক দূর নিয়ে যাবে তা বলাই বাহুল্য।

Be the first to comment on "চাপ নেওয়ার কৃতিত্ব দেখালেন মোসাদ্দেক"