নিউজ ডেস্ক : বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে চেলসির।
তবে ম্যাচ শুরুর সাত মিনিটেই প্রথম এগিয়ে গিয়েছিল চেলসি। দারুণ এক গোল করে সফরকারি সমর্থকদের আনন্দে ভাসার উপলক্ষ এনে দেন পেদ্রো রদ্রিগেজ। কিন্তু সেই উচ্ছ্বাসের রেশ খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। প্রথমার্ধের ২৪ মিনিটেই সমতায় ফিরে স্বাগতিক বার্নলি। গোল করেন রবি ব্র্যাডি। গত জানুয়ারিতে নরউইচ ছেড়ে আসার পর এদিনই প্রথমবার পরিপূর্ণ অভিষেক ঘটে তার। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে সমতায় ফিরিয়ে নিজেকেও মেলে ধরলেন দারুণভাবে।
এরপর সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। কোনো দল গোলের দেখা পায়নি ম্যাচে দ্বিতীয়ার্ধেও। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
চেলসি ড্রয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেও সমর্থকদের হতাশ করেছে লিস্টার সিটি। সোয়ানসি সিটির কাছে এদিন ২-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গত মৌসুমেই রুপকথার জন্ম দিয়ে ক্লাব ইতিহাসের প্রথম লিগ শিরোপা জয়ের স্বাদ পায় লিস্টার সিটি।
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিস্টার সিটির অবস্থান এখন পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে। মৌসুমের প্রথম ২৫ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ২১ পয়েন্ট। শীর্ষে যথারীতি চেলসি। সমানসংখ্যক ম্যাচ থেকে তাদের দখলে ৬০ পয়েন্ট। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা যথাক্রমে টটেনহ্যাম হটস্পার এবং আর্সেনালের পয়েন্ট সমান ৫০। তবে গোলব্যবধানে এগিয়ে থাকার কারণে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার।
চেলসিকে রুখে দিল বার্নলি

Be the first to comment on "চেলসিকে রুখে দিল বার্নলি"