নিউজ ডেস্ক : টঙ্গীর প্যাকেজিং কারখানা ট্যাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এর মালিকসহ আট কর্মকর্তাকে আসামি করে একটি মামলা হয়েছে।
নিহত শ্রমিক মোহাম্মদ হোসাইন জুয়েলের বাবা আব্দুল কাদের পাটোয়ারী রবিবার রাতে এই মামলাটি করেন বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানিয়েছেন।
সিলেটে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনের এই কারখানায় শনিবার বয়লার বিস্ফোরণের পর আগুন লেগে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা ফিরোজ বলেন, “ঘটনার পর থেকে কারখানার চেয়ারম্যান (মকবুল) পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।”
মামলায় কারখানা মালিক মকবুলের স্ত্রী পারভিনকেও আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, মহাব্যবস্থাপক সফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ব্যবস্থাপক (সার্বিক) সমির আহমেদ, ব্যবস্থাপক হানিফ ও উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন।
মামলায় আসামির তালিকায় অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজন রয়েছেন বলে পুলিশ জানায়।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা স্পষ্ট হওয়া যায়নি।
তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজা ধসে প্রাণহানির ঘটনার মামলায় অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছিল কারখানা ও ভবন মালিকের বিরুদ্ধে।

Be the first to comment on "ট্যাম্পাকো অগ্নিকাণ্ডে মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা"