নিউজ ডেস্ক : বেশ কিছুদিন হলো মিডিয়ার তোপের মুখে আছেন ভারতের ওয়ানডে এবং টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পান থেকে চুন খসলেই আর রক্ষা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কোনোক্রমে বেঁচে গিয়েছেন। তবে তার অবসর নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে এবার উদ্যোগী হলেন খোদ নির্বাচকরা।
কিছুদিন আগে ধোনি বলেছিলেন, অন্তত ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিনি অধিনায়ক হিসেবে খেলতে চান। এবার নির্বাচকরাই বলে দিলেন, ধোনিকে আগামী বিশ্বকাপ পর্যন্ত চাইছেন তারাও। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই মুহূর্তে ভারতের একদিনের ও টি-টোয়েন্টি দলে পরিবর্তনের পক্ষপাতী নয়। নির্বাচক কমিটির পাঁচ সদস্যই দলে ধোনির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন।
এমনকী তার ফিটনেস নিয়েও সন্তুষ্ট নির্বাচক কমিটি। তারা মনে করেন, এই ফিটনেস নিয়ে ধোনি আরও দু-তিন বছর অনায়াসে খেলে যেতে পারবেন।
বিসিসিআই সূত্রে জানা গেছে, নির্বাচক কমিটি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০১৯ বিশ্বকাপ নিয়ে চিন্তা-ভাবনা করবে। তবে ধোনি যদি খেলা চালিয়ে যেতে চান তাতে নির্বাচকদের সম্মতি রয়েছে। এমনকী এটাও জানা গেছে, নির্বাচক কমিটি নাকি এখনো ধোনির বিকল্প কাউকে খুঁজে পায়নি। ধোনির সৌভাগ্যই বলতে হবে।

Be the first to comment on "ধোনির পক্ষে রায় দিলেন নির্বাচকরা"