নিউজ ডেস্ক : বহুল আলোচিত ও সমালোচিত পানামা পেপার্স কেলেঙ্কারিতে উঠে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম সফদারের নাম। এ খবর প্রকাশ করেছে জার্মান দৈনিক সাদেস জেইতাং।
পত্রিকাটি তাদের প্রকাশিত প্রতিবেদনের স্বপক্ষে বেশ কিছু ডকুমেন্ট টুইটারে পোস্ট করেছে।
প্রতিবেদনে বলা হয়, মরিয়ম অফশোর কোম্পানির মালিক। তিনি এ থেকে সুবিধা গ্রহণ করে থাকেন।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) তথ্য-উপাত্তে বলা হয়, ১ কোটি ১৫ লাখ ডকুমেন্ট প্রকাশ করেছে পানামা ভিত্তিক ল’ ফার্ম মোসাক ফনসেকা এবং এতে মরিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ ভার্জিন দ্বীপে অফশোর কম্পানি নেসকোল লিমিটেডের একজন তালিকাভুক্ত সুবিধাভোগী মরিয়ম। এতে তার ভাই হুসেইনেরও স্বাক্ষর রয়েছে। এখানে মরিয়ম এবং তার দুই ভাই হাসান ও হুসেইনের কমপক্ষে তিনটি অফশোর কম্পানি রয়েছে।
তাদের ফার্মটি ১ কোটি ৩৮ লাখ ডলার মূল্যের যুক্তরাজ্যের সম্পদ কেনা-বেচায় জড়িত। একটি হোল্ডিং কোম্পানি ২০০৭ সালের আগস্টে লাইবেরিয়ার একটি কোম্পানির ১ কোটি ১২ লাখ ডলারের শেয়ার ক্রয় করে বলে তথ্যে বেরিয়ে এসেছে। এসব তথ্য জানায় যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক প্রতিষ্ঠান আইসিআইজে।
পাকিস্তানে অফশোর কম্পানির মালিক হওয়া অবৈধ নয়, তবে তহবিলের উৎস নিয়ে সমস্যার পড়বেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বিরোধীরা অভিযোগ করে বলছেন, ১৯৯০ এর দশকে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালীন শরীফ দুর্নীতি করে এসব সম্পদ গড়েছেন।

Be the first to comment on "নওয়াজ শরীফের মেয়ের নাম পানামা পেপার্স কেলেঙ্কারিতে"