নিউজ ডেস্ক : কানপুরের পুখরাইয়ার কাছে পটনা-ইনদওর এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৩ জনের, আহত অনেকে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রশাসন আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ট্রেনটি ইনদওর থেকে পটনা যাচ্ছিল। রবিবার ভোর সওয়া ৩টে নাগাদ মালাসার ও পুখরাইয়া স্টেশনের মাঝে ট্রেনটি লাইনচ্যুত হয়। একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের পদস্থ কর্তারাও।
উত্তর-মধ্য রেলের মুখপাত্র বিজয় কুমার জানান, একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য যাত্রীদের যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায় তার জন্য বাসের ব্যবস্থা করা হযেছে। তিনি আরও জানান, ট্রেনের এস-২ কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিজয়বাবু।
তিনি আরও বলেছেন, দুর্ঘটনায় এস ২ কোচটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল আধিকারিক ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্ধারের কাজ শুরু করেছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজন। ট্রেনের চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরাও লাইনচ্যুত হয়েছে।
টুইটারে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি টুইটারে জানান, দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় উদ্ধার ও ত্রাণের কাজ চলছে। সব ধরনের চিকিত্সা সংক্রান্ত ও অন্যান্য সহায়তা পাঠানো হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
পটনা-ইনদওর এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত কমপক্ষে ৬৩

Be the first to comment on "পটনা-ইনদওর এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত কমপক্ষে ৬৩"