নিউজ ডেস্ক : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এবার নিহারিকা হায়দার সাথী (২৫) নামের বরিশাল মহিলা কলেজের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে কথিত প্রেমিক ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যানের সামনে। গুরুতর আহত ওই ছাত্রীকে শেবাচিম হাসপাতলে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রীর মা ডালিয়া হায়দার জানান, বেশ কিছুদিন থেকে সাথীকে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে নগরীর রাখালবাবু পুকুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের পুত্র বখাটে রাজিম। তার প্রস্তাবে সারা না দেয়ায় রাজিম ক্ষিপ্ত হয়। তিনি আরও জানান, রবিবার সন্ধ্যার দিকে সাথীকে চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হওয়ার পর নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যানের সামনে পৌঁছলে রাজিমসহ একদল যুবক মোটরসাইকেলযোগে এসে তাদের গতিরোধ করে। একপর্যায়ে বখাটেরা সাথীর হাত ধরে টানাহেঁচড়া শুরু করে। এসময় তারা ডাকচিৎকার শুরু করলে বখাটেরা চাক্কু দিয়ে সাথীর বাম হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, শনিবার রাতে ওই বখাটেরা আমাদের ফরিকবাড়ীস্থ বাসভবনে প্রবেশ করে সাথীকে তুলে নেয়ার জন্য টানাহেঁচড়া করে। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে সাথীকে মারধর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ওইদিন রাতেই কোতোয়ালী মডেল থানার একটি অভিযোগ দাখিল করা হয়।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মামুন উর রশীদ জানান, সাথীর শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম ও বাম হাতের ওপরে চাক্কু দিয়ে আঘাত করা হয়েছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ আওলাদ হোসেন জানান, হামলাকারী বখাটেদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, নিহারিকা হায়দার সাথী (২৫) বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স (ইংরেজি) দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পিতা আলী হায়দার বাবুল বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য।

Be the first to comment on "প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম"