নিউজ ডেস্ক : স্কুলের ছাত্রীদের যৌণহয়রানীর প্রতিবাদ করায় বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিউটের শিক্ষার্থীরা দশম শ্রেনীর এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় জেলা স্কুলের বর্ধিত ক্যাম্পাস সংলগ্ন এলাকায়।
নিহত শিক্ষার্থী সাইদুর রহমান হৃদয় (১৫) শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও ভান্ডারিয়া উপজেলা সদরের বাসিন্দা শাহীন গাজীর পুত্র। নিহত হৃদয়ের সহপাঠী গোলাম সাইদ রাফি জানায়, পলিটেকনিক্যাল ইন্সটিউটের শিক্ষার্থীরা প্রায়ই তাদের স্কুলে এসে ছাত্রীদের বিভিন্নধরনের যৌণহয়রানী করে আসছিলো। এ ঘটনায় হৃদয় তাদের বাঁধা দিয়ে আসছিলো। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে ১০ থেকে ১৫ জনের একটি দল একত্রিত হয়ে হৃদয়কে স্কুলে আসার পথে একা পেয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় হৃদয়ের চিৎকারে তার সহপাঠীরা এগিয়ে আসলে পলিটেকনিক ইন্সটিউটের হামলাকারী শিক্ষার্থীরা পালিয়ে যায়। মুর্মুর্ষ অবস্থায় হৃদয়কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর সকাল সোয়া দশটায় হৃদয় মারা যায়।
কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও হত্যাকারীদের গ্রেফতার করতে তারা বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়েছেন।

Be the first to comment on "বরিশালে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা"