নিউজ ডেস্ক : রাশিয়ার অর্থনীতির বড় অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আয় বাড়াতে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা কমিয়ে শিল্পায়নের দিকে ঝুঁকছে দেশটি।
অবকাঠামো উন্নয়নে ২০২০ সালের মধ্যে এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করার ঘোষণা দিয়েছে রাশিয়া সরকার।
কিন্তু সে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মত পর্যাপ্ত শ্রমিক নেই রাশিয়ায়। বাড়তি চাহিদা পূরণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেবে দেশটি।
এ শ্রমবাজার ধরার প্রাথমিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার এ প্রসঙ্গে বলেন-
‘আমরা প্রাথমিকভাবে রাশিয়ায় শিল্পখাতের জন্য ২০০ কর্মীর চাহিদা পেয়েছি। তাদেরকে আগামী মাসে পাঠানোর ব্যবস্থা করা হবে।’
রাশিয়ায় শ্রমিক পাঠাতে আগ্রহী জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন ‘বায়রা’ও। বায়রার সভাপতি বেনজীর আহমেদ রাশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের জন্য ভালো সম্ভাবনা দেখছেন।
‘রাশিয়ায় শ্রমিক চাহিদা অনেক বেশি। আমরা যেমন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এবং ইতালীতে দক্ষতা দেখিয়ে সুনাম অর্জন করেছি, সেভাবে রাশিয়ায় আমাদের দক্ষতা দেখাতে পারলে বড় একটি শ্রমবাজার হাতে পাবো আমরা।’
অক্টোবরে বাংলাদেশী কর্মীদের প্রথম যে দল রাশিয়ায় যাবে বলে আশা করছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, সে দলটি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারলে, রাশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Be the first to comment on "বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে রাশিয়া"