নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জে একই সাথে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা বারটার দিকে শ্রীনগর উপজেলার দক্ষিণ কামারগাঁও মাঠপাড়া গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা। গ্রামটির শওকত শেখের ছেলে শাহেদ (৬) ও শাহিন শেখের ছেলে আবীর (৫) খেলতে গিয়ে পার্শ্ববর্তী জমিতে জমে থাকা পানিতে পড়ে যায়।
ওই পানিতে আবীরকে ভাসতে দেখে তার সহপাঠী সিয়াম দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন ছুটে এসে প্রথমে আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর বিশ মিনিট পর শাহেদের নিথর দেহও ভেসে উঠে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত বলে ঘোষণা করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দু’ পরিবারে চলছে এখন শোকের মাতম।
সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, শাহেদ দক্ষিণ কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এবং আবির টেক্সাস কিন্ডার গার্টেনের শিশু শ্রেণীর ছাত্র। দু’জনই সোমবার সকালে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে অন্যান্য দিনের মত তারা বাড়ির পাশে এক সাথে খেলতে যায়।

Be the first to comment on "মুন্সীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু"