শিরোনাম

মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না

নিউজ ডেস্ক : এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক ছেলেদের চেয়ে মেয়েদের ভালো উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না। আজকাল মেয়েরা মনোযোগ দিয়ে পড়ালেখা করছে, ছেলেদেরও পড়ালেখায় মনোযোগী হতে হবে।’

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হাতে পাওয়ার পর এক বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দিনের পর দিন পরীক্ষার ফল উন্নত হচ্ছে। এতে আমরা খুশি। এখন মেয়েরা পরীক্ষায় ভালো করছে এতে আমরা আরও বেশি খুশি। আসলে ছেলে-মেয়ে আলাদা কিছু নয়, সবাই শিক্ষার্থী। তাদের শিক্ষার্থী হিসেবেই বিবেচনা করা উচিত।

শিক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেখি শিক্ষার অবস্থা খারাপ। তখন আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ শুরু করি, বাজেট বৃদ্ধি করি। ফলে শিক্ষার মান বাড়ে, স্বাক্ষরতার হারও বাড়ে। আমরা স্বাক্ষারতা হার বাড়াতে পেরেছিলাম বলে ইউনেস্কো আমাদের পুরস্কার দিয়েছিলো।

শোকের মাসে ফল প্রকাশ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এমন একটা মাসে আমারা রেজাল্ট প্রকাশ করলাম। যে মাসে জাতির পিতাকে হত্যা করা হয়েছে। এ মাসে জাতির পিতকে শুধু নয়, আমি এবং আমার বোন ছাড়া আমাদের পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে।

পৃথিবীর যে কোনো দেশের চাইতে আমাদের ছেলেমেয়েরা মেধাবী। বিভিন্ন দেশ ঘুরে নানা দেশের ছেলেমেয়েদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে’- যোগ করেন শেখ হাসিনা।

যারা অকৃতকার্য হয়েছে, তাদের মন খারাপ না করে ভালোভাবে পড়াশুনা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আগামীতে ছেলে-মেয়ে সমানে-সমান দেখতে চাই। বাংলাদেশ হবে শিক্ষিত দেশ। আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে চাই।

আগামীতে এখনকার শিক্ষার্থীরাই জাতির নেতৃত্ব দেবে। সুতরাং নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

 

basic-bank

Be the first to comment on "মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না"

Leave a comment

Your email address will not be published.


*