নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা রোডে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোহাম্মদ রাসেল জানান, তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর বছিলা রোডে একটি বস্তিতে থাকে তার বাবা এবং তিনি দিনমজুরের কাজ করতেন।
রাসেল আরো জানান, আজ শনিবার ভোরে জাহাঙ্গীর আলম বাসা থেকে কাজের জন্য বের হন। বছিলা রোডে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় মারা যায় সে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Be the first to comment on "মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত"