শিরোনাম

রাজধানীতে আজ পরিবেশবাদীদের হরতাল

নিউজ ডেস্ক : রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ বন্ধে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের ডাকা হরতাল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়, চলবে দুপুর ২টা পর্যন্ত। এ হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের প্রকল্প চালু হলে সুন্দরবন বা পরিবেশের কোনো ক্ষতি হবে না। এরই পরিপ্রেক্ষিতে পরিবেশ রক্ষায় রামপাল প্রকল্প বন্ধের দাবিতে রাজধানীতে আধাবেলা হরতাল ডাকা হয়।
এদিকে, এই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। গত রবিবার, ২২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সুন্দরবন রক্ষায় বিএনপির অবস্থান তুলে ধরেন এবং তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে বিএনপির সমর্থনের কথা জানান।
তিনি বলেন, ‘সুন্দরবন রক্ষায় তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। সংগঠনটি ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে। আমি দেশের পক্ষে, দেশের মানুষের স্বার্থে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে তাদের এই যৌক্তিক কর্মসূচিকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। ’
রামপাল উপজেলায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলছে। প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় বনের ক্ষতি হবে এমন দেখিয়ে শুরু থেকেই প্রকল্পটির বিরোধিতা করে আসছে বামপন্থী নানা সংগঠন। পরিবেশ নিয়ে আন্দোলনকারীরা বলছেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের পরিবেশ-প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। ’
হরতালের আওতামুক্ত: পথচারী, সাইকেল-রিক্সা-ভ্যান, এ্যাম্বুলেন্স, গণমাধ্যমসহ বিদ্যুৎ-ফায়ার ব্রিগেডের গাড়ি, কাঁচা বাজার, ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
অপরদিকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা সিটি এলাকায় ডাকা হরতাল মানবে না সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বিবৃতিতে জানান, বিএনপি জামায়াত জোটের মতোই জাতীয় কমিটি অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে আজ পরিবেশবাদীদের হরতাল"

Leave a comment

Your email address will not be published.


*