শিরোনাম

হঠাৎ কর্মবিরতিতে কর্ণফুলীর ঘাটে পণ্য খালাস বন্ধ

নিউজ ডেস্ক : চট্টগ্রামে কর্ণফুলী নদীর বাংলাবাজার এলাকায় লাইটার জাহাজ (ছোট জাহাজ) থেকে হঠাৎ করেই পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। চট্টগ্রামকেন্দ্রিক লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের ডাকে আজ শনিবার সকাল ৮টা থেকে এ কর্মসূচি চলছে। গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সংগঠনটি ঘোষণা দিয়েছিল, গত নভেম্বরে এক প্রজ্ঞাপনে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা কার্যকর না করলে ১৩ ফেব্রুয়ারি থেকে লাইটার জাহাজে কাজ বন্ধ রাখা হবে। তবে শ্রমিকদের মূল সংগঠনটি মালিকপক্ষকে বর্ধিত বেতন-ভাতা কার্যকর করতে এক সপ্তাহের সময় বাড়িয়েছে।

নির্ধারিত সময়ের দুই দিন আগে কর্মবিরতির বিষয়ে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ১০ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে কর্মবিরতি শুরুর কথা ছিল। লাইটার জাহাজ মালিকরা বর্ধিত বেতন-ভাতা কার্যকরে গড়িমসি করার কারণে আজ থেকে কর্মবিরতি শুরু হয়েছে। কর্ণফুলীর ১৬ ঘাটে পণ্য খালাসকাজ বন্ধ রয়েছে বলে তিনি জানান। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাই করে এসব ঘাটে এনে খালাস করা হয়। কর্মবিরতির কারণে আমদানি পণ্যবাহী ৬০টি লাইটার জাহাজ আটকা পড়েছে বলে লাইটার জাহাজ পরিচালনাকারী ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্রে জানা গেছে।

শ্রমিকদের মূল সংগঠন নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন বর্ধিত বেতন-ভাতা কার্যকর করার জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল মালিকপক্ষকে। অন্যথায় ১১ ফেব্রুয়ারি নিজ নিজ উদ্যোগে শ্রমিকরা কাজ বন্ধ রাখবেন বলেও সিদ্ধান্ত হয়। তবে মালিকপক্ষ বর্ধিত বেতন-ভাতা কার্যকরে এক সপ্তাহ সময় চেয়েছে। এ কারণে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক নবী আলম।

basic-bank

Be the first to comment on "হঠাৎ কর্মবিরতিতে কর্ণফুলীর ঘাটে পণ্য খালাস বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*