নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের অ্যাকুরিয়াম থেকে একটি অক্টোপাস পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অক্টোপাসটি পালিয়ে প্রশান্ত মহাসাগরে ঘুরে বেড়াচ্ছে। খবর বিবিসির।
ওই অক্টোপাসটির নাম ইংকি। সমুদ্র তীরবর্তী শহর ন্যাপিয়েরের একটি অ্যাকুরিয়ামে রাখা হয়েছিল অক্টোপাসটিকে। অ্যাকুরিয়ামের ছোট্ট একটি ফাঁক দিয়ে পালিয়ে গেছে সে।
অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে ইংকি প্রথমে মেঝেতে পিছলে পড়ে যায়। পরে মেঝে থেকে ৬ ইঞ্চি প্রশস্ত একটি ড্রেনের পাইপ দিয়ে সে পালিয়ে যায়। ওই পাইপটি সমুদ্রে গিয়ে পড়েছে। তাই ধারণা করা হচ্ছে ইংকি সরাসরি সমুদ্রেই পড়েছে।
এ সম্পর্কে অ্যাকুরিয়ামের ব্যবস্থাপক রব ইয়ারাল বলেন, ট্যাঙ্কের উপরের দিকে ঢাকনাটি হালকা করে লাগানো ছিলো। কিছুদিন আগে ওই ঢাকনাটি মেরামত করা হয়েছিল। ওই ঢাকনা দিয়েই সমুদ্রে পালিয়ে গেছে ইংকি। ঘটনাটা আমরা ক্ষুণাক্ষরেও বুঝতে পারিনি। সে আমাদের কিছুই বুঝতে দেয় নি। আকারে ইংকি একটা রাগবি বলের সমান।
অ্যাকুরিয়ামের ম্যানেজার জানান, অক্টোপাস যতো বড়োই হোক না কেনো তারা নিজেদেরকে খুব ছোট্ট করে গুটিয়ে নিতে পারে। তাদের আকার হতে পারে শুধু তাদের মুখের সমান। শুধুমাত্র ওই মুখই অক্টোপাসের শক্ত অংশ।
ওই অ্যাকুরিয়ামে দু`টো অক্টোপাস ছিলো। সেখান থেকে ইংকি সুযোগ বুঝে পালিয়েছে। কিন্তু ট্যাঙ্কে এখনও আরো একটি অক্টোপাস রয়ে গেছে। তার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Be the first to comment on "অ্যাকুরিয়াম থেকে অক্টোপাসের পলায়ন"