নিউজ ডেস্ক : ট্রাম্পের কার্যক্রমে বেশ বিরক্ত হয়েছেন চারবার ব্রিটেনের হয়ে অলিম্পিক জয়ী স্যার মো ফারাহ। সর্বশেষ আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে এলিয়েন বানিয়ে দিয়েছেন।
‘
ক্ষমতায় এসেই ট্রাম্পের ভিসা বন্ধ রাখার নির্বাহী আদেশে রয়েছে সোমালিয়ার নাম। এ কারণে এমন মন্তব্য করেছেন সোমালিয়ান বংশোদ্ভুত মো ফারাহ। কেননা, ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে ফারাহ নিজেও যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না। পরে শনিবার যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে প্রেসিডেন্টের সেই নির্বাহী আদেশ স্থগিত করে দেওয়া হয়। তাতে স্বস্তি প্রকাশ করেন ৩৩ বছর বয়সী এই অ্যাথলেট। তিনি এ পলিসি সম্পর্কে বলেন, ‘এটি বিভেদ ও বৈষম্যের জন্ম দেবে। ‘
ট্রাম্পের এ নির্বাহী আদেশের কারণে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণের সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। সেই সঙ্গে ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের দরজা বন্ধ করে দেয়া হয় ৯০ দিনের জন্য। বিষয়টি কার্যকর করা হয় এ দেশের বংশোদ্ভূত অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও।
বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে রবিবার আলোচনা করেছেন বলে জানা গেছে। পরে যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়, দ্বৈত নাগরিকত্ব থাকা এ দেশের নাগরিকদের যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে সফরে কোনো ভিসা জটিলতায় পড়তে হবে না। তবে নিজ দেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না এ সাত দেশের নাগরিকরা।

Be the first to comment on "আমাকে এলিয়েন বানিয়ে দিয়েছে ট্রাম্প ॥ ফারাহ"