নিউজ ডেস্ক : বাংলাদেশের খেলা থাকলে এখন সবার আকর্ষণের কেন্দ্রে থাকেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। দীর্ঘ ইনজুরি কাটিয়ে তিনি এখন দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে গেছেন।
সোশ্যাল সাইটে তার বিভিন্ন কার্যকলাপের ছবি দেখে বোঝা যাচ্ছে বেশ আমোদেই আছেন ‘দ্য ফিজ’। তবে ওয়ানডে সিরিজ খেলা নিয়ে দেখা দিয়েছে শংকা। কাটার মাস্টার ওয়ানডে একাদশে থাকবেন কিনা তা নির্ধারিত হবে আগামীকাল।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এমন চ্যালেঞ্জিং একটি সিরিজে মুস্তাফিজকে দলের ভীষণ দরকা। কিন্তু দেশের এই সম্পদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ বিসিবি। তবে আগামীকাল ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশ এবং বাংলাদেশ একাদশের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়াঙ্গেরির কোবহাম ওভালে সেই ম্যাচটিতে মুস্তাফিজকে বোলিং করার অনুমতি দিয়েছেন চিকিৎসক। সেদিনই বোঝা যাবে কাটার মাস্টার ম্যাচ খেলার জন্য আদৌ ফিট কিনা।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, “প্রস্তুতি ম্যাচটা মোস্তাফিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানেই তার অবস্থাটা পুরোপুরি বোঝা যাবে। সে যদি তিনটি স্পেলে ৭-৮ ওভার বোলিং করতে পারে, তাহলে তাকে ওয়ানডেতে রাখবো আমরা। ”
প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকা মুস্তাফিজ জাতীয় দলে ফিরতে বিপিএলও খেলেননি। যদি আবারও ইনজুরি এসে জেঁকে বসে! ইনজুরিকে হার মানিয়ে মাঠে ফেরার লড়াইয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা এখন তার অনুপ্রেরণা। প্রধান নির্বাচকের বক্তব্য অনুযায়ী মুস্তাফিজ এখন ফিটনেস ফিরে পেয়েছে। আগামীকালই বোঝা যাবে দর্শকরা ওয়ানডে সিরিজে কাটার ভেলকি দেখতে পাবেন কিনা!

Be the first to comment on "ওয়ানডে সিরিজে ‘কাটার মাস্টার’ খেলবেন, যদি…"