নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে ছিলেন। ছিলেন দারুণ ফর্মেও।
বিপিএলে বোলিং দেখিয়েছেন। কিন্তু এই বিপিএলই নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে দিল দুই পেসার শফিউল ইসলাম আর মোহাম্মদ শহীদকে। অন্যদিকে মুস্তাফিজও ওয়ানডে সিরিজে ফেরার জন্য পুরোপুরি ফিট নয়। তাই নিউজিল্যান্ডের গতিময় পিচে পেসার সংকটে বাংলাদেশ। এই মুহূর্তে ঠিক কেমন আছেন চোটগ্রস্ত দুই পেসার?
হ্যামস্ট্রিং ইনজুরির ধাক্কা এখন অনেকটাই সামলে উঠতে শুরু করেছেন শফিউল। গত বৃহস্পতিবার থেকেই তার পূনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। ফিজিও আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। তবে এখনই হাতে বল তুলে নেওয়ার অনুমতি মেলেনি। নিয়মিত জিমে কাটাতে হচ্ছে তাকে। আরো কয়েক দিন তাকে এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে বলে জানা গেছে। তাই সহসাই শফিউলের মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সেজন্য দুঃখের কমতি নেই ২৭ বছর বয়সী এই পেসারের মনে।
অন্যদিকে লিগামেন্টের চোটে আক্রান্ত মোহাম্মদ শহীদকে নিয়েও একইরকম তথ্য পাওয়া গেল বিসিবি সূত্রে। সদ্য সমাপ্ত বিপিএলে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন শহীদ। তবে শফিউল ২৬ তারিখের পর বল হাতে নেওয়ার অনুমতি পেলেও শহীদের জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করে আছে! মাঠে ফিরতে তাকে অস্ত্রোপচার টেবিল পর্যন্ত যেতে হতে পারে! কয়েকদিন পর্যবেক্ষণের পর ডাক্তাররা এই সিদ্ধান্ত নেবেন। আর অস্ত্রোপচার হলে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে যেতে হবে তাকে।

Be the first to comment on "কেমন আছেন চোটগ্রস্ত শফিউল-শহীদ?"