শিরোনাম

কানাডার ৮৪ বছরের দুঃখ ঘুচালেন ডেরেক

নিউজ ডেস্ক : ১৬ বছরের পেনি ওলেকসিয়াক তো রেকর্ড গড়েছেন। কানাডার ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে এই মেয়ে অলিম্পিকের সোনা জিতেছেন রিওর শুরুতেই। ওই সাঁতারু ৪টি পদক জিতে কানাডার সবচেয়ে সফল অলিম্পিয়ানও। কিন্তু কানাডার পুরুষদের সম্মান রক্ষা হচ্ছিল কই! শেষ পর্যন্ত রিও অলিম্পিকের একাদশ দিনে এসে পুরুষদের কোনো ইভেন্ট থেকে সোনার দেখা পেল কানাডা। হাই জাম্পে ইতিহাস গড়ে তাদের সোনা এনে দিয়েছেন ডেরেক ড্রুইন। এই ইভেন্টে ৮৪ বছর পর সোনা জিতেছে কানাডা! তাতে রিওতে তাদের মোট পদক হলো ১৪টি।

২৬ বছরের ডেরেক ২০১২ লন্ডন অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ। হাই জাম্পে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও। রিওতে ছয় লাফের প্রতিটি হয়েছে পারফেক্ট। তাতে ১৯৩২ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ডানকান ম্যাকনটনের পর আবার অলিম্পিক হাই জাম্পের সোনা জিতলো কানাডা। ডেরেক সোনা জিতেছেন এই মৌসুমে তার সেরা ২.৩৮ মিটার লাফিয়ে। কাতারের মুতাজ বারশিম ২.৩৬ মিটারে রুপা ও ইউক্রেনের বোহদান বোন্দারেঙ্কো ২.৩৩ মিটারে জিতেছেন ব্রোঞ্জ।

অলিম্পিক রেকর্ড ২.৩৯ মিটার ভাঙতে ২.৪০ মিটারের চেষ্টাও করেছিলেন ডেরেক। ২.৪০ তার কানাডিয়ান রেকর্ড। এবার ব্যর্থ হয়েছেন ক্যারিয়ারের সেরাটা স্পর্শ করতে। কিন্তু শেষে কানাডার পতাকায় নিজেকে মুড়িয়ে অশ্রুসজল ডেরেক তৃপ্তিতেই মিলেছেন স্ট্যান্ডে থাকা বাবা-মা ও বোনদের সাথে।

“আমি বিশ্ব চ্যাম্পিয়ন কি তা ব্যাপার ছিল না। সবারই এখানে শুরু থেকে সুযোগ থাকে।” ডেরেক বলছিলেন, “হাই জাম্পে আমাদের ভালো ঐতিহ্য আছে। আমি আমার টিমমেটরা সেটাই নতুন করে লেখার চেষ্টা করছি।” আর তাতে যে ডেরেক সফল তা বলার অপেক্ষাই রাখে না।

 

basic-bank

Be the first to comment on "কানাডার ৮৪ বছরের দুঃখ ঘুচালেন ডেরেক"

Leave a comment

Your email address will not be published.


*