নিউজ ডেস্ক: ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, দিনাজপুর, সৈয়দপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরো জানানো হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল সিলেটে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ৩০ বছরের মধ্যে টানা ২৯ দিন খরা অবস্থার এটি একটি রেকর্ড। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী সপ্তাহে রাজধানীতে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এতে নগরবাসীর কাছে দাবদাহ কিছুটা সহনীয় অবস্থায় আসবে।

Be the first to comment on "কোথাও কোথাও বৃষ্টি হতে পারে"