শিরোনাম

ক্যারিবিয়ান দল থেকে সরে দাঁড়ালেন রাসেল

অনলাইন ডেস্ক॥ ব্যক্তিগত কিছু কাজ আছে। তাই সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই চ্যাম্পিয়ন অল-রাউন্ডার বোর্ডকে অনুরোধ করলেন এই সফরে তাকে ছুটি দিতে। দল তো ঘোষণা হয়েছে আগেই। এখন তাই রাসেলের জায়গায় ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামসকে নিতে হলো টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, “ব্যক্তিগত কাজ আছে বলে রাসেল এই সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করতে চেয়েছে।” রাসেল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দল তার ওপর নির্ভর করে খুব। এ ছাড়া বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন দলে খেলার অভিজ্ঞতা তার। এই সিরিজে নেই ক্রিস গেইলও। ২৩ সেপ্টেম্বর দুবাইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।
কেসরিক হালের আলোচিত ক্যারিবিয়ান ক্রিকেটার। মাত্র ৯টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। লিস্ট এ ম্যাচ ৬টি। তাও ২০১৪ সালে। আসলে এই বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তাকে এনেছে আলোচনায়। চ্যাম্পিয়ন দল জ্যামাইকা তাল্লাওয়াহসের হয়ে খেলেছেন। ২৬ বছরের বোলারকে মাত্র ৫০০০ ডলারে কিনেছিল দলটি। কিন্তু কেসরিক আসর শেষ করেন ১৭ উইকেট শিকার করে। উইকেট শিকারে তার আগে ছিলেন কেবল সোহেল তানভির ও ডোয়াইন ব্রাভো।
২৮ বছরের রাসেল ১৯ ও ২০ সেপ্টেম্বর জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশনের মুখোমুখি হচ্ছেন। তিনি তিনটি ডোপিং টেস্ট মিস করেছিলেন। যার শাস্তি দুই বছরের নিষেধাজ্ঞা পর্যন্ত। সেই বিচার চলছে। তবে জানা যায়নি ওই কারণেই রাসেল পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ালেন কি না।

basic-bank

Be the first to comment on "ক্যারিবিয়ান দল থেকে সরে দাঁড়ালেন রাসেল"

Leave a comment

Your email address will not be published.


*