নিউজ ডেস্ক: বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে চলছে ছাঁটাই আতঙ্ক। ইয়াহু, নকিয়া এরই মধ্যে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এবার আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলও হাঁটছে একই পথে।
চিপ নির্মাতা বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন। গত বছর এক হাজার ১০০ জন কর্মীকে ছাঁটাই করেছিল ইন্টেল। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওরগেনোলাইভ।
শুধু কর্মী নয়, উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকেও ছাঁটাই করা হতে পারে বলে ওরগেনোলাইভের খবরে বলা হয়েছে। খরচ কমাতে এবং প্রতিষ্ঠানটির কাজে আরো গতি আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কয়েক মাসের মধ্যেই শুরু হবে এই ছাঁটাই প্রক্রিয়া। প্রতিষ্ঠানটির প্রথম চার মাসের লাভক্ষতির হিসাব চূড়ান্ত হওয়ার পরই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে।
২০১৪ সালে বিশ্বজুড়ে পাঁচ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণ দিয়েছিল ইন্টেল। পার্সোনাল কম্পিউটারের বিক্রি কমে যাওয়ার কারণে কয়েক বছর ধরেই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে ইন্টেলকে।
গত সপ্তাহে ইন্টেলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করবেন। তবে নতুন এই ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কে ইন্টেলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
গত বছরের ২৬ ডিসেম্বরে পাওয়া তথ্যমতে বিশ্বজুড়ে ইন্টেলের কর্মী রয়েছে এক লাখ সাত হাজার ৩০০ জন।

Be the first to comment on "কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে ইন্টেল"