শিরোনাম

খোকার দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকা দায়িত্বে থাকাকালে নানান দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি।

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

২০১৫ সালের জুন মাসে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সময়কালের কর্মকাণ্ড তদন্তে মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় কমিটি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

মন্ত্রণালয়ের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডিসিসির আওতাধীন বিভিন্ন মার্কেটে ২৬টি দোকান ও খালি জায়গা বরাদ্দের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। ওই সব স্থান বরাদ্দের জন্য সাবেক মেয়র খোকা সুপারিশ করেছেন। এ সব জায়গা ও দোকান বরাদ্দের কারণে চলমান মামলার জন্য সিটি কর্পোরেশনের অনেক আর্থিক ক্ষতি হচ্ছে।

মালিটোলার ফজলুল করিম কমিউনিটি সেন্টারের নিচে, লেডিস হকার্স মার্কেট, জিন্দাবাহার লেইন, সিদ্দিক বাজার জামে মসজিদ ও মাদ্রাসা, ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২, ধোলাইখাল রোড, নর্থ-সাউথ রোডের পাশে পতিত জমি, সূত্রপুর থানার পূর্ব দিকে লোহার ব্রিজ, সুন্দরবন স্কয়ার মার্কেট, সায়েদাবাদ দরবার শরীফের রাস্তা প্রবেশ পথ, ৭৫ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের খালি জায়গা, সায়েদবাদ বাস টার্মিনালে গ্রামীণফোনের যন্ত্রপাতি বসানোর জায়গা, গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার, ল্যাব এইড হাসপাতালের সংযোগ সেতু, ঢাকা নিউ মার্কেট ১ নং গেইট, ঢাকা মেডিকেলের ১ নং গেইট, গণস্বাস্থ্য নগর হাসপাতালের খালি জায়গা, স্কয়ার হাসপাতালের দুই ভবনের মধ্যে সংযোগ, চক বাজার পাবলিক টয়লেট, নিমতলী মার্কেটের পূর্ব পাশে জায়গা বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, রমনা শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য কার্যাদেশ পাওয়া মাসুদ কর্পোরেশনকে নিয়ম বহির্ভুতভাবে কাজ দেয়া হয়। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি করা হয় তাতে সিটি কর্পোরেশনের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। দিলকুশায় বহুতল বিশিষ্ট কার পার্কিং কাম বাণিজ্যিক ভবন সানমুনস্টার টাওয়ার নির্মাণের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমতি না নিয়ে আর্থিক বিধি লঙ্ঘন করা হয়েছে। ওই ভবন নির্মাণের সময় পাবলিক প্রকিউরমেন্ট রুল অনুসরণ করা হয়নি। এই ভবন নির্মাণের চুক্তিতেও সিটি কর্পোরেশনের আর্থিক ক্ষতি হয়েছে।

কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. রহমত আলী, ফজলে হোসেন বাদশা এবং রহিমা আকতার বৈঠকে অংশ নেন।

প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের অক্টোবরে সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। তবে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন। সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে থাকায় তাকে পলাতক দেখিয়ে এই বিচার হয়েছে। তবে বিএনপি অভিযোগ করেছে, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা এগিয়ে নিয়েছে।

basic-bank

Be the first to comment on "খোকার দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি"

Leave a comment

Your email address will not be published.


*