নিউজ ডেস্ক : ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিম, মেজর জিয়াউল হক, তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান ছাড়াও জড়িত আরও সাত-আটজনকে শনাক্ত করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মো. মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, হামলার ঘটনায় নতুন করে আরও ৭-৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের সাংগঠনিক নামসহ বেশকিছু তথ্য আমরা পেয়েছি। সেগুলো এখন যাচাই-বাছাই চলছে।
রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ সব তথ্য জানান তিনি।
এর আগে গত জুলাই মাসের ১ তারিখ গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে হামলাকারী ৬ জঙ্গিও নিহত হয়। এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিনিয়ার হাসনাত করিম ও তাহমিদ হাসিবকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।
প্রথম দফায় তাদের ৮ দিনের রিমান্ডে নেয়ার পর হাসনাত করিমকে গুলশানের ঘটনায় গ্রেফতার দেখিয়ে এবং তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হয়েছে।

Be the first to comment on "গুলশান হামলায় আরও ৭-৮ জন শনাক্ত"