নিউজ ডেস্ক : রাজধানীর কাঁচা চামড়ার বাজার পোস্তার আড়তদারদের কাছ থেকে কোরবানির পশুর চামড়া কিনতে শুরু করেছেন ট্যানারি মালিকরা। চামড়ার দামও ভালো পাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাজারীবাগ থেকে চামড়া পরিবহনের জন্য ঠেলাগাড়িগুলো আড়তের সামনে রাখা হয়েছে। কোনো কোনো শ্রমিক মাথায় বোঝাই করেও নিয়ে যাচ্ছেন। আড়তদাররা বলছেন, এখনো পুরোদমে চামড়া বিক্রি শুরু হয়নি। এজন্য আরো দু’এক দিন সময় লাগবে।
জানা গেছে, রাজধানীতে কোরবানির পশুর প্রায় শতভাগ চামড়া সংগ্রহ করছেন আড়তদাররা। গোডাউনগুলোতে চামড়ায় লবণ মিশিয়ে স্তুপ করে রাখা হয়েছে। এবারের চামড়ার মান ভালো হওয়ায় দাম ভালো পাচ্ছেন। তবে সেটা ব্যক্তি আড়তদারের ব্যবসায়িক মনোভাবের ওপর নির্ভর করছে। এক্ষেত্রে দর কষাকষিতে কেউ কেউ বেশি লাভ করছেন। আবার কারো কারো লাভ তুলনামূলক কম হচ্ছে।
আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, অল্প পরিসরে ট্যানারি মালিকদের অনেকে চামড়া কিনছেন। দু’একদিনের মধ্যে পুরোদমে বিক্রি শুরু হবে। চামড়ায় ভালো দাম পাওয়ার কথা ব্যবসায়ীদের। তবে কেউ নিজের বোকামিতে দাম ভালো না পেলে সেটা তার বিষয়। তবে এমনটা হওয়ার কথা নয়।

Be the first to comment on "চামড়া কিনতে শুরু করেছেন ট্যানারি মালিকরা"