নিউজ ডেস্ক : ১০ টাকার চাল বিতরণ কর্মসূচিকে কোনোভাবেই বিতর্কিত ও দলীয়করণ করা যাবে না। এই কর্মসূচিতে অনিয়মের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কেজিপ্রতি ১০ টাকা দামের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৪৪ জনের ডিলারশিপ বাতিল করেছে সরকার। পাশাপাশি অনিয়মের অভিযোগে করা ১১টি মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই কর্মসূচি চালুর পর থেকে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, করছি, আরও করব। দুর্নীতিবাজ ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবই সে যে দলেরই হোক না কেন। অনিয়মে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
যে কোনো মূল্যে এই কর্মসূচির দলীয়করণ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে কামরুল বলেন, “হতদরিদ্র হতদরিদ্রই, তাকে সাহায্য করার জন্যই এই কর্মসূচি।” অনিয়মের সচিত্র সংবাদ গণমাধ্যমে প্রকাশ করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামে ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হবে এ কর্মসূচিতে।

Be the first to comment on "চাল বিতরণকে বিতর্কিত করলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী"