নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলায় ব্যবহৃত অস্ত্রগোলাবারুদ ও অর্থ এসেছে বিদেশ থেকে।
সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, দুইটি হামলায়ই ব্যবহৃত অস্ত্রগোলাবারুদ বিদেশ থেকে এসেছে। ভারতের সীমান্তপথে সেসব অস্ত্রগোলাবারুদ বাংলাদেশে প্রবেশ করে। পরে তা জঙ্গীদের হাতে যায়। তবে অস্ত্রগুলো প্রকৃতপক্ষে কোন দেশ থেকে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, দুইটি হামলায় ব্যয় হওয়া অর্থের যোগানও এসেছে বিদেশ থেকে। হুন্ডির মাধ্যমে হামলার আগে ১৪ লাখ টাকা আসে জঙ্গীদের কাছে। অর্থের প্রকৃত যোগানদাতা ও কারা পাঠিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তুরাঁ ও বেকারীতে জঙ্গীরা হামলা করে দুই জন পুলিশ কর্মকর্তা, ১৭ জন বিদেশী ও তিন জন বাংলাদেশীকে হত্যা করে। পরবর্তীতে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে হামলাকারী জঙ্গীরা নিহত হয়।
আর গত ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে হামলার চেষ্টা করে জঙ্গীরা। পুলিশ বাধা দিলে জঙ্গীরা গ্রেনেড মেরে দুই পুলিশ সদস্যকে হত্যা করে।

Be the first to comment on "জঙ্গি হামলায় অর্থ মধ্যপ্রাচ্য ও অস্ত্র ভারত হয়ে এসেছে : মনিরুল"