নিউজ ডেস্ক : জামালপুরের ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের আগুনেরচর এলাকায় একটি আম গাছের গোড়া থেকে গজিয়ে উঠেছে হাত সদৃশ্য একটি মস জাতীয় উদ্ভিদ বা ছত্রাক। ওই ছত্রাককে অলৌকিক হাতের উত্থান এবং ওই হাত ভেজানো পানি খেলে যেকোন রোগ ভাল হয় বলে অপপ্রচার করছে স্থানীয় একটি ভন্ড চক্র। আর ওই ভন্ডামীর ফাঁদে পা দিয়ে প্রতিদিন প্রতারিত হচ্ছেন শতশত মানুষ।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন ঘুরে জানাগেছে, ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের আগুনেরচর এলাকায় মরহুম কিতাব আলীর পুকুর পাড়ে কয়েক বছর আগে কেটে ফেলা একটি আম গাছের গোড়ার নিচ থেকে মস জাতীয় দুটি ছত্রাক বেড়িয়েছে। ছত্রাক দুটির মধ্যে একটি দেখতে অনেকটাই মানুষের হাতের মতো। ওই হাত সদৃশ্য ছত্রাককে স্থানীয় একটি চক্র অলৌকিক হাতের উত্থান বলে অপপ্রচার করছে এবং অলৌকিক ওই হাত ভেজানো পানি খাইলে মানুষের রোগ ভাল হয় বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা হাত সদৃশ্য ছত্রাকের জায়গাটি মাজারের রুপ দিয়ে সাজিয়ে সেখানে স্থানীয় নাপিতেরচর গ্রামের মোঃ পলাশ নামের একজন অর্ধ পাগলকে বসিয়ে তাকে দিয়ে আগন্তুকদের হাতে বোতল ভর্তি পানি দিচ্ছে এবং নগদ টাকা পয়সা আদায় করছে।
ইসলামপুরের গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, অলৌকিক হাত ভেজানো পানি খেলে রোগ ভাল হয় এখবরে প্রতিদিন শতশত মানুষ আগুনেরচর গ্রামে আসার খবর শুনেছি। তবে সেখানে তার যাওয়ার সময় হয়নি বলে তিনি জানিয়েছেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন-ই আলম জানান, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment on "জামালপুরের ইসলামপুরে অলৌকিক হাতের উত্থান"