নিজস্ব প্রতিবেদক : সরকার জিয়ার মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মূল নকশায় জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি এমন অজুহাতে জিয়াউর রহমানের মাজার সরানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর আগে ২৯ মাচ সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে বৈঠক করে যুক্তরাস্ট্র থেকে লুই আই কানের মূল নক্শা আনার জন্য কমিটি গঠন করা হয়।
রিজভী বলেন, একদলীয় নব্য বাকশালী পার্লামেন্টে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী জাতীয় সংসদকে জনস্বার্থে ও দেশের স্বার্থে বিতর্কের জায়গা না রেখে প্রধানমন্ত্রীকে স্তাবকতা করার একটি অডিটোরিয়ামে পরিণত করেছেন। তাঁর পক্ষে গণতন্ত্রবিনাশী যেকোন উদ্যোগই গ্রহণ করা সম্ভব। কারন তাঁকে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক ইচ্ছাগুলোকে আমলে নিয়েই কাজ করতে হয়।
রিজভী বলেন, মূলত: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়ার মাজার সরানোর প্রক্রিয়া শুরু করে ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসার পর। সে সময় তিনি জিয়া উদ্যানের নাম পরিবর্তনই শুধু করেননি, তিনি জিয়ার মাজারে যাওয়ার ক্রিসেন্ট লেকের ওপর থেকে বেইলি ব্রীজটিও সরিয়ে দিয়েছিলেন। আবার ২০১৪ সালের ১৭ জুন একনেক এর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের মাজার অন্যত্র সরিয়ে নেয়ার ঘোষনা দেন। এ সরকার সম্পূর্ণ ঈর্ষান্বিত হয়ে মহান স্বাধীনতার ঘোষকের মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত করছে। বাস্তবে জিয়াউর রহমানের মাজারটি সংসদ ভবন এলাকা থেকে অনেক দুরে অবস্থিত। মাজারের কারণে সংসদের কার্যক্রমের কোন ক্ষতি হচ্ছেনা। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় এ সরকার মাজারটি অন্যত্রে সরানোর অপচেষ্টা করছে।
রুহুল কবির রিজভী বলেন, জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তির ওপর আক্রমণ চালিয়েও সরকারের প্রতিহিংসার লেলিহান বহ্নি কোনভাবেই প্রশমিত হচ্ছে না। তাই এখন টার্গেট করা হয়েছে এদেশের যুগনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়ার মাজারকে। এভাবে প্রতিহিংসার ভয়াবহ বিস্তার ঘটিয়ে দেশকে বিভৎস নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি বলেন, জিয়ার মাজারটি আজ কোটি কোটি জনগণের হৃদয়ে স্থান দখল করে আছে। তাই জিয়ার মাজার সরানোর উদ্যোগ দেশে এক ভয়াবহ পরিস্থিতি তৈরী করবে। জনগণ তাদের এই প্রিয় নেতার মাজার নিয়ে ছিনিমিনি খেলা কখনোই বরদাস্ত করবে না। তাই এ মাজার সরানোর মতো দুঃসাহস দেখালে পরিণতি ভাল হবে না। কোনভাবেই তাদের এ অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। জনগণ তাদের সকল অপচেষ্টাকে জীবন দিয়ে প্রতিহত করবে। জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জিয়ার মাজার উচ্ছেদের অশুভ পরিকল্পনা প্রতিরোধ করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. এজেডেএম জাহিদ হোসেন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, হাবিবুর রহমান হাবিব, রফিক শিকদার, হেলেন জেরিন খান প্রমুখ।
জিয়ার মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত : রিজভী

Be the first to comment on "জিয়ার মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত : রিজভী"