নিউজ ডেস্ক : পুলিশের বিশেষ অভিযান চললেও টাঙ্গাইল শহরে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। তাই পুলিশের এক কর্মকর্তা (এসআই) এর বাসায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অথচ পুলিশ রবিবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পারেনি। সদর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে কার্যকর কোন ভূমিকাই রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন পৌরবাসী।
পুলিশের (এসআই) ওবায়দুর রহমান বলেন, আমি টাঙ্গাইলের বাসাইল থানায় এসআই পদে কর্মরত ছিলাম। পরে বাসাইল থেকে কিশোরগঞ্জ জেলায় বদলি হয়। কিশোরগঞ্জ থেকে পুনরায় টাঙ্গাইল মহেড়াতে বদলি হয়ে বর্তমানে সেখানেই আমি কর্মরত রয়েছি। প্রতিদিনের মতো সকালে আমার স্ত্রী কামরুন্নাহার কামনা ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলো। পরে বাজার করে বাসায় আসলে নিচতলার লোকজন আমার স্ত্রীকে বলে, আপনাদের ঘরের দরজা খোলা। এই কথা শুনে আমার স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আলমারি ভাঙ্গা এবং আলমারির জিনিসপত্র সব এলোমেলোভাবে পড়ে রয়েছে।
তিনি আরো বলেন, আমার নগদ ৩৮ হাজার টাকা এবং সোয়া ৫ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতরা লুট করে নিয়েছে। এ ঘটনায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার স্ত্রীর জমানো টাকা এবং চলতি মাসের বেতনের টাকাও ছিলো। তিনি আরও বলেন, কোন পেশাদার ফ্লাট বাড়ির ডাকাতরা এ ঘটনাটি ঘটিয়েছে। এই চক্রের যে কাউকে ধরতে পারলে মালামাল উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইঁয়া বলেন, এতো বড় শহরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমরা ধারণা করছি এটা ডাকাতি না। তবে আমরা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Be the first to comment on "টাঙ্গাইলে দিনেদুপুরে পুলিশের বাসায় ডাকাতি"