নিউজ ডেস্ক : দ্বিতীয় সাবমেরিন কেবলের ঢাকা থেকে কুয়াকাটা সঞ্চালন লাইনের যন্ত্রপাতি স্থাপনের জন্য টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) চুক্তি বহাল রেখে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান নেটাস টেলিকমিউনিকেশনসকে ১০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। টেশিস ও বিটিসিএলের চুক্তি অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তিন পক্ষের লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে বিটিসিএলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, টেশিসের পক্ষে ছিলেন কামাল উল আলম। অন্যদিকে নেটাসের পক্ষে শুনানি করেন মাহফুজুর রহমান।
দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হতে ঢাকা থেকে কুয়াকাটা, বেনাপোল ও আখাউড়াসহ বিভিন্ন জায়গার মধ্যে উচ্চ ক্ষমতার (১০০ জিবি) সঞ্চালন যন্ত্রপাতি স্থাপনের জন্য গতবছর ২৭ এপ্রিল আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র ডাকে বিটিসিএল। দরপ্রস্তাবে অংশ নেওয়া তিনটি কোম্পানির মধ্যে নেটাস টেলিকমিউনিকেশনস, টার্কিকে একমাত্র টেকনিক্যালি রেসপনসিভ ঘোষণা করে গত ১৫ সেপ্টেম্বর তাদের কার্যাদেশ দেওয়ার সুপারিশ করে প্রস্তাব পাঠায় দরপত্র মূল্যায়ন কমিটি।
কিন্তু বিটিসিএলের পরিচালনা পর্ষদ নেটাসকে কাজটি না দিয়ে পুরো দরপত্র প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেয় এবং ১ নভেম্বর চিঠি দিয়ে ওই কোম্পানিকে বিষয়টি জানায়। তারপর ওই যন্ত্রপাতি কেনা ও স্থাপনের কাজ বিনা দরপত্রে দেওয়া হয় টেশিসকে। গত ১৫ নভেম্বরে টেশিসের সঙ্গে চুক্তি করে বিটিসিএল।
ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এরপর হাই কোর্টে যায় নেটাস। শুনানি শেষে গত ১২ ডিসেম্বর হাই কোর্ট টেশিস ও বিটিসিএলের চুক্তি অবৈধ ঘোষণা করে এবং নতুন করে আন্তর্জাতিক দরপত্র ডাকার নির্দেশ দেয়। নতুন করে আন্তর্জাতিক দরপত্র ডাকার নির্দেশনার বিরুদ্ধে এরপর আপিল বিভাগে আপিলের আবেদন করে নেটাস। অন্যদিকে বিটিসিএল ও টেশিস চুক্তি বাতিলের বিরুদ্ধে আলাদা লিভ টু আপিল করে। রবিবার এ বিষয়ে শুনানি করে সোমবার আবেদনগুলোর নিষ্পত্তি করে আদেশ দিল আপিল বিভাগ।

Be the first to comment on "টেশিস-বিটিসিএল চুক্তি বহাল, নেটাস পাবে ক্ষতিপূরণ"