নিউজ ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এবার নতুন মামলা দায়ের করেছেন তার স্ত্রী দাবিদার সেই তরুণী। সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হান আহমেদের আদালতে সেই তরুণী ২০ লাখ টাকা যৌতুকের মামলা করেছেন।
মামলায় সানি এবং তার মা নার্গিস আক্তারকে আসামি করা হয়েছে। তবে আদালত নার্গিস আক্তারকে মামলা থেকে রেহাই দিয়ে সানিকে একমাত্র আসামী করে তার বিরুদ্ধে সমন জারি করেছেন।
আরাফাত সানিকে নিয়ে গতকাল রবিবার থেকেই উত্তাল হয়ে আছে দেশের মিডিয়া। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা এই তারকা স্পিনারকে রবিবার তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সানির সাবেক বান্ধবী দাবিকারী এক তরুণীর মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এই মামলা দায়ের করেন সেই তরুণী। এজাহারে উল্লেখ করা হয়, সেই তরুণীর সাথে আরাফাত সানির দীর্ঘ ৭ বছর সম্পর্ক ছিল। তারা ২০১৪ সালে গোপনে বিয়েও করেন। কিন্তু তাকে ঘরে তুলতে গড়িমসি শুরু করে সানি। সেই তরুণী চাপ দিলে সানি তাদের অন্তরঙ্গ কিছু ছবি মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা চেষ্টা করেন। এ ছাড়া ফেইক আইডি খুলেও সেই তরুণীর আপত্তিকর ছবি আপলোড করেন।
অভিযোগের সাথে আলামত হিসেবে পুলিশকে তার ব্যক্তিগত মোবাইলটিও আলামত হিসেবে দিয়ে দেয় সেই তরুণী। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে আরাফাত সানিকে গ্রেপ্তার করে। সানিকে আদালতে তোলা হলে তিনি বিয়ের ঘটনা অস্বীকার করেন। এসময় সেই তরুণীর আইনজীবি রফিকুল ইসলাম জুয়েল একটি কাবিননাম আদালতে পেশ করেন। এরপর আদালত সানির ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আজ সোমবার রিমান্ডে থাকা সানি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

Be the first to comment on "সানির বিরুদ্ধে সেই তরুণীর নতুন মামলা"