শিরোনাম

টেস্টে সব দেশের বিরুদ্ধে শতরান করেছেন যে সব ক্রিকেটাররা

নিউজ ডেস্ক:নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে নিয়ে এখন ক্রিকেট জগতে হইচই ব্যাপার। সবচেয়ে কম বয়সে সব দেশের বিরুদ্ধে শতরানের নজির গড়ে ফেলেছেন তিনি। সবচেয়ে কম ম্যাচ খেলে, কম বয়সে, কম সময়ে এই নজির গড়েছেন তিনি। সচিনের যেখানে সময় লেগেছিল ১৫ বছর, সেখানে মাত্র ৫ বছর ক্রিকেট খেলেই এমন রেকর্ড তাঁর! কেন উইলিয়ামসন ছাড়া আর মাত্র ১২ জন ক্রিকেটার টেস্টে সব দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রিকেটাররা রয়েছেন এই তালিকায়।

গ্যারি কার্স্টেন- ব্যক্তিগত ঝুলিতে সেঞ্চুরির সংখ্যা ২১টি। তবে, অভিষেকের ৮ বছর পর সব দেশের বিরুদ্ধে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্যারি কার্স্টেন। ২০০২ সালে ১৪৯টি ইনিংসে পূর্ণ করেছিলেন এই শতরানের বৃত্ত।

স্টিভ ওয়- তিনিই সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসাবে এই রেকর্ড করেছেন। কেরিয়ারে তাঁর ১৭ বছর সময় লেগেছে এই রেকর্ডে পৌঁছতে। ২০০৩ সালে ৩৮ বছর বয়সে এমন নজির করেছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক।

সচিন তেন্ডুলকর- মাস্টার ব্লাস্টারকে কেরিয়ারে ১৫ বছর সময় অপেক্ষা করতে হয়েছিল এই নজির গড়তে। ২০০৪ সালে ১৯২টি ইনিংসে সব দেশের বিরুদ্ধে শতরান পূর্ণ করেন তিনি।

রাহুল দ্রাবিড়- সচিন ছাড়া ভারতের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে সব দেশের বিরুদ্ধে শতরান করেছেন। ৩১ বছর বয়সে ১৪৬টি ইনিংস খেলে এই তালিকায় জায়গা করে নেন ‘দ্য ওয়াল’। সচিনের থেকে অনেক কম সময়ে কিন্তু এই নজির গড়েছিলেন। অভিষেকের ৮ বছর পর সব দেশের বিরুদ্ধে শতরানের বৃত্ত সম্পূর্ণ করেছিলেন তিনি।

মার্ভান আতাপাত্তু- শ্রীলঙ্কান প্রাক্তন ক্রিকেটার মার্ভান আতাপাত্তুও সব দেশের বিরুদ্ধে শতরানের তালিকায় রয়েছেন। তিনি ১৩৮ ইনিংসে অভিষেকের ১৪ বছর পর ২০০৫ সালে এমন নজির গড়েছিলেন।

ব্রায়ান লারা- টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ৪০০ রানের মালিক তিনি। তাঁর সব দেশের বিরুদ্ধে শতরান থাকবে না হতে পারে? তবে অভিষেকের ১৪ বছর পর এই নজির গড়েছিলেন তিনি। ২০০৫ সালে ৩৬ বছর বয়সে ১১৬টি ম্যাচের খেলে তৈরি করেন এই নজির।

অ্যাডাম গিলক্রিস্ট- অস্ট্রেলিয়ান প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ১১২টি ইনিংস খেলে সব দেশের বিরুদ্ধে শতরান করেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে তিনিই কনিষ্ঠতম যাঁর এই রেকর্ড রয়েছে। অভিষেকের ৬ বছরের মধ্যেই এই নজির গড়ে ফেলেছিলেন গিলি।

রিকি পন্টিং- ২০০৬ সালে টেস্টে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ান প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এই তালিকায় জায়গা করে নেন। তিনি ১০৪ টি ম্যাচ খেলে অভিষেকের ১০ বছর পর গড়েছিলেন এই নজির।

কুমার সঙ্গাকারা- গত বছরই টেস্ট থেকে অবসর নিয়েছেন শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা। ব্যক্তিগত ঝুলিতে টেস্টে ৩৮টি শতরান রয়েছে তাঁর। তিনিও সব দেশের বিরুদ্ধে শতরান করেছেন। অভিষেকের মাত্র ৭ বছরের মধ্যেই এই তালিকায় জায়গা করে নেন তিনি।

মাহেলা জয়বর্ধনে- শ্রীলঙ্কার আরও এক ক্ল্যাসিক ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনেও রয়েছেন এই তালিকায়। ২০০৯ সালে অভিষেকের ১১ বছর পর সব দেশের বিরুদ্ধে শতরানের বৃত্ত সম্পূর্ণ করেন।

জাক কালিস- দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার জাক কালিস অভিষেকের ১৬ বছর পর সব দেশের বিরুদ্ধে শতরান সম্পূর্ণ করেন।

ইউনিস খান- পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসাবে ইউনিস খানের নাম রয়েছে এই তালিকায়। তিনি ১৬৩টি ইনিংস খেলে অভিষেকের ১৪ বছর পর সব দেশের বিরুদ্ধে শতরান সম্পূর্ণ করেন।

কেন উইলিয়ামসন- সব দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করার নজির হিসাবে সব দিক থেকে কনিষ্ঠতম ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে রেকর্ড করেন তিনি। অভিষেকের মাত্র ৫ বছরের মধ্যেই সব দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফেলেন। খেলেছেন মাত্র ৫০টি টেস্ট।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "টেস্টে সব দেশের বিরুদ্ধে শতরান করেছেন যে সব ক্রিকেটাররা"

Leave a comment

Your email address will not be published.


*