নিউজ ডেস্ক : সব হিসাবনিকাশ ও জল্পনা-কল্পনা মিথ্যে প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন জরিপের ফলাফল ও বিশ্লেষকদের ধারণা উল্টে দিয়ে তিনি হোয়াইট হাউসের আগামী উত্তরাধিকারী নির্বাচিত হয়েছেন। অভূতপূর্ব এই বিজয়ে বিশ্বনেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি বলেছেন, ‘ট্রাম্পের সঙ্গে ইইউ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। টুইটারে তিনি লিখেছেন, রাজনীতিতে যেকোনো ধরনের পরিবর্তনের চেয়ে ইইউ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত। ইউরোপের শক্তি আবিষ্কারে আমরা একসঙ্গে কাজ করবো।’
যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। তিনি দুই দেশের মধ্যে ‘গঠনমূলক সংলাপ’ প্রত্যাশা করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে অভিনন্দনবার্তায় পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সংকটপূর্ণ অবস্থা কাটিতে উঠতে দুই দেশই কাজ করবে।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকারও নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আরও বেশি গঠনমূলক আলোচনা সম্ভব বলে আশা প্রকাশ করেন।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয় আমাদের পথচলাকে কঠিন করে তুলবে। আগের প্রশাসকদের তুলনায় তার সঙ্গে কাজ করা কঠিন থেকে কঠিনতর হবে।’
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সম্পর্ক আশা করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘আমি ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি প্রত্যাশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। বিশ্বাস করি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থায়িত্ব যা বিশ্ব অর্থনীতি, শান্তি ও যুক্তরাষ্ট্রের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে।’
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইদিরিম বলেন, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে ফেরত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের এক নতুন মাত্রা যুক্ত হবে।
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাঁর কার্যালয় ট্রাম্পের প্রতি ফিলিস্তিন রাষ্ট্র গঠনে শান্তিপূর্ণ উপায়ে ইসরায়েলের সঙ্গে চলমান অস্থিরতার অবসান ঘটাতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এএফপিকে বলেন, ‘দুই দেশের মধ্যকার সমস্যার সমাধানকল্পে আমরা মার্কিন নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
এ ছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতেরতে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ট্রাম্প একসঙ্গে কাজ করবেন বলে আশা করি। বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন নতুন এই প্রেসিডেন্টকে।

Be the first to comment on "ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন"