নিউজ ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের অবকাশকালীন বেঞ্চ সোমবার (২৫ এপ্রিল) এ আদেশ দেন।
এর আগে ১২, ১৮ ও ২০ এপ্রিল আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন হাইকোর্টে আলাদা আলাদা কয়েকটি বেঞ্চ। এরপর আবেদনকারী আইনজীবী ফের বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বাধীন বেঞ্চে নিয়ে যান। পরে আদালত মামলাটি সুপ্রিম কোর্টের অবকাশ শেষে (২ মে খুলবে সুপ্রিম কোর্ট) নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন।
সোমবার আদালতে আবেদনকারী আইনজীবী ইউনুচ আলী আকন্দ উপস্থিত ছিলেন। আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, ‘অবকাশকালীন কোর্ট শেষে নিয়মিত বেঞ্চে এ আবেদনটি উপস্থাপন করব।’
এর আগে গত ৩ এপ্রিল সকালে এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের অলিপুর এলাকার কালা ট্যাংক সংলগ্ন জঙ্গল থেকে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার। এ ঘটনায় খুনিদের গ্রেপ্তার না করায় এ রিট আবেদন করা হয় বলে জানান সুপ্রিমকোর্টের এ আইনজীবী।
রিট আবেদনে হত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিটি, পরিবারকে হয়রানি না করা, ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ নারীদের নিরাপত্তাবিধানের নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লার পুলিশ সুপার ও কোতোয়ালীথানার ওসিসহ সংশ্লিষ্ট আটজনকে।

Be the first to comment on "তনু হত্যাকারীদের গ্রেপ্তারের রিট নিয়মিত বেঞ্চে"