শিরোনাম

তারেকের বিরুদ্ধে দুদকের আপীলের শুনানি ৪ মে

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থপাচার (মানি লন্ডারিং) মামলায় নিন্ম আদালতের খালাসের রায়ের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপীল আবেদনের শুনানি শুরু হবে আগামী ৪ মে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান আদালতকে জানান, লন্ডনে বাংলাদেশের হাইকমিশন সমন পাঠানোর বিষয়টি বাস্তবায়ন করলেও তারেক রহমানের কোনো সাড়া মেলেনি।
খুরশীদ আলম খান জানান, মামলায় তারেক রহমান বিচারিক আদালতে কার্যক্রমের সময় পলাতক ছিলেন। এখনো তিনি আইনের দৃষ্টিতে পলাতক। হাইকোর্টের আদেশে নোটিশ জারি এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও তিনি হাজির হননি। আদালতের আদেশ প্রতিপালন করেননি তারেক রহমান। তিনি বলেন, আদালত শুনানির জন্য ৪ মে দিন ধার্য করে আদেশ দিয়েছে।
এর আগে গত ১৬ মার্চ অবৈধভাবে অর্থপাচার মামলায় তারেক রহমানের লন্ডনের নতুন ঠিকানায় নোটিশ পাঠানোর জন্য লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেয় হাইকোর্ট। এর আগে তারেক রহমানের লন্ডনের ঠিকানায় নোটিশ পাঠানো হলেও সে বিষয়ে কোন জবাব পাওয়া যায়নি। মানি লন্ডারিং এর অভিযোগে করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গত ১২ জানুয়ারি সমন জারির নির্দেশ দেয় হাইকোর্ট।
এর আগে ২০১৩ সালের ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাস দিয়ে রায় দেয় বিচারিক আদালত। একই মামলায় তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদন্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন।
এ রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর আপিল আবেদন দায়ের করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপিল শুনানির জন্য গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পনের আদেশ দেয় হাইকোর্ট।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়।
এ মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন তারেক রহমান। গত আট বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন।

basic-bank

Be the first to comment on "তারেকের বিরুদ্ধে দুদকের আপীলের শুনানি ৪ মে"

Leave a comment

Your email address will not be published.


*