নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবী, মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় হওয়া হত্যা ও নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ রবিবার ‘নো অর্ডার’ দেন।
ফলে রিজভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমিনুল হক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেননারেল মুরাদ রেজা।
এর আগে গত ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিজভীকে ছয় মাসের জামিন দেন।
তবে পাঁচ মামলায় জামিন বহাল থাকলেও তার নামে আরও একটি মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না বিএনপির এই নেতা।
রিজভীর নামে ২০১৩ ও ২০১৫ সালে এসব মামলা হয়। এই পাঁচ মামলায় গত ১৮ আগস্ট আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন তিনি। ওইদিন ঢাকা মহানগর দায়রা জজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর রিজভি নিম্ন আদালতে জামিন খারিজ আদেশের বিপক্ষে ৫ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। রবিবার চেম্বার বিচারপতি সেই জামিন বহাল রাখলেন।
পাঁচ মামলায় রিজভীর জামিন বহাল

Be the first to comment on "পাঁচ মামলায় রিজভীর জামিন বহাল"